logo

পিসিআইইউতে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

পিসিআইইউতে শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক গবেষণা সম্মেলন
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ছবি: এশিয়া পোস্ট

উচ্চশিক্ষায় উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) শুরু হয়েছে তৃতীয় আন্তর্জাতিক গবেষণা সম্মেলন।

‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট থ্রু এক্সিলেন্স ইন হায়ার এডুকেশন কনটেম্পোরারি গ্লোবাল পারস্পেক্টিভস’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ১১৭টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিআইইউর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জহির আহমেদ রতন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির।

সম্মেলনের চেয়ারম্যান অধ্যাপক ড. গথেশ চন্দ্র রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে এবং উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের সমন্বয় অপরিহার্য।

পিসিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী জানান, এ আয়োজনের মাধ্যমে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী বক্তব্য দেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান দিলরুবা আকতার, প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও দেশি-বিদেশি গবেষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার বুদি লুহুর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. নি গুপ্তি আয়ু কেতুত কুর্নিয়াসারি, মালদ্বীপের সাবেক শিক্ষামন্ত্রী ড. আবদুল্লাহ রশীদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। মূল প্রবন্ধগুলোতে উচ্চশিক্ষা, যোগাযোগ, সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের নানা দিক উঠে আসে।