জামালপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শেরপুর ব্রিজ এলাকার দক্ষিণ পাশের সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুরের কেন্দুয়ার চর এলাকার দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় চেকপোস্টে ডিউটি করছিলেন পুলিশ সদস্যরা। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামাতে ইশারা করলে এর পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে দেলোয়ার ও তার ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলে থাকা শিশু আবার বেঁচে যায়।
ঘটনার পর স্থানীয়রা পুলিশ সদস্যদের উপর ক্ষোভ প্রকাশ করে হামলা চালায় এবং এখন পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।