গরুর খামার থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গরুর খামার থেকে ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামার থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ খামারের গরুগুলো উচ্চশব্দে ডাকাডাকি ও ছুটাছুটি শুরু করে। গরুর অস্বাভাবিক আচরণ দেখে খামার মালিক জসীম উদ্দিন ভেতরে গিয়ে বিশাল একটি অজগর সাপ দেখতে পান। গরুর চিৎকার ও নড়াচড়ায় আতঙ্কিত হয়ে অজগরটি খামার থেকে বের হয়ে বাইরে চলে আসলে সেখানে উপস্থিত সবার মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।
খামার মালিক দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সাপটিকে বনে অবমুক্ত করবে।



