Advertisement

টেকনাফে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
টেকনাফে বালুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
নিহত মো. রুবেল ও আরমান চৌধুরী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)। তারা দুজন পরস্পরের বন্ধু ছিলেন।

হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার জানান, সকালে ঘিলাতলী এলাকা থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলযোগে উখিয়ার পালংখালী বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত আরমানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। ঘটনার পরপরই ডাম্পার ট্রাকটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা নুরুল আবছার আরও জানান, দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়িটি জব্দ করা ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।