বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

বাগেরহাট সদর উপজেলায় শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত শেখ আল আমিন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করেন।
স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আল আমিন তাকে ফোন করে হামলার শিকার হওয়ার কথা জানান। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আল আমিনের সঙ্গে থাকা অফিসের ব্যাগে প্রায় এক লাখ টাকা ছিল বলে জানান তিনি।
আল আমিনের সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ জানান, ঘটনার আগে আল আমিনের সঙ্গে তার কথা হয়েছিল। দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে তিনি বের হয়েছিলেন। পরে ফোন করে আল আমিন তাকে জানান, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে।
ভুক্তভোগী আল আমিন বলেন, নিয়মিত ওই সড়ক দিয়ে চলাচল করলেও আগে কখনো এমন ঘটনার মুখে পড়েনি। ঘটনার সময় একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তারা চায়নিজ কুড়াল দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে আমার ব্যাগ নিয়ে পালিয়ে যান তারা।
তিনি আরও বলেন, হামলাকারীদের কাউকে আমি চিনতে পারেননি। ব্যাগে টাকা ও পণ্যসহ প্রায় এক লাখ টাকার মালামাল ছিল। হামলার পর কী ঘটেছে, তা আর মনে করতে পারছেন না বলেও জানান তিনি।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, বিকেলের দিকে আহত বাংলালিংক কর্মীকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

