logo

বর্ষ বিদায় ও বরণকে ঘিরে পাহাড়ে উৎসব

বর্ষ বিদায় ও বরণকে ঘিরে পাহাড়ে উৎসব

রাঙামাটিতে ঐতিহ্যবাহী গ্রামবাংলার বলি খেলা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন খাগড়াছড়ির সৃজন চাকমাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন রাঙামাটির কালিন্দীপুরের বাসিন্দা দীপু চাকমা।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বলি খেলায় ছোট, মাঝারি ও বড়—এই তিন বিভাগে মোট ১৫ প্রতিযোগী অংশ নেন। খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ স্টেডিয়ামে ভিড় করেন। গ্যালারিজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। আরও উপস্থিত ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার এবং উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা।

উষাতন তালুকদার বলেন, এ ধরনের আয়োজন না থাকলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাবে। নতুন খেলোয়াড়ও উঠে আসবে না।

উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতেই প্রতি বছর এ আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, রোববার সকালে ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবির মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।