logo
Advertisement

সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রাজশাহী
সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহীর পুঠিয়ার কৃষকেরা। ছবি : এশিয়া পোস্ট

পর্যাপ্ত সার সরবরাহ ও সরকার নির্ধারিত দামে সার পাওয়ার দাবিতে রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। প্রায় আধা ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে কৃষকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

কৃষকরা অভিযোগ করেন, আমনসহ বিভিন্ন ফসল চাষের গুরুত্বপূর্ণ সময়ে স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। সার কেনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক কৃষককে খালি হাতে ফিরতে হচ্ছে। কোথাও কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও করেন তারা। এরই পরিপ্রেক্ষিতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন স্থানীয় কৃষকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকেরা।

কৃষক শহিদুল ইসলাম বলেন, কৃষির গুরুত্বপূর্ণ সময়ে সার সংকট তৈরি হলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত বাজারে পর্যাপ্ত সার সরবরাহ করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

আরেক কৃষক জামিলুর রহমান বলেন, জমিতে সার দেওয়ার সময় চলে যাচ্ছে। কিন্তু দোকানে গিয়ে সার পাওয়া যাচ্ছে না। আমরা কৃষকরা সার চাই, কালোবাজারি চাই না। সরকার নির্ধারিত দামে পর্যাপ্ত সার সরবরাহ করতে হবে।

এদিকে অবরোধের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সংশ্লিষ্টদের আশ্বাসে কৃষকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কৃষকদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত বাজারে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোস্তফা কামাল হোসেন বলেন, কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত করতে বাজার পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। কোথাও কৃত্রিম সংকট বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। কৃষকেরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয় :