logo

জামাই-শাশুড়ি বিক্রি করছিলেন নেশাজাতীয় ট্যাবলেট

জামাই-শাশুড়ি বিক্রি করছিলেন নেশাজাতীয় ট্যাবলেট

বগুড়া শহরে মাদকবিরোধী অভিযানে জামাই ও শাশুড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০টি বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শহরের চকসূত্রাপুর এলাকার হাড্ডি পট্টি সংলগ্ন একটি সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—নাহিদ উদ্দিন ও তার শাশুড়ি মোছা. আমেনা বেগম। তাদের বাড়ি বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর এলাকায়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছ, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চকসূত্রাপুর এলাকার একটি গলির মুখে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে নাহিদ ও আমেনাকে আটক করা হয়। তল্লাশির সময় নাহিদ উদ্দিনের পকেট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটের ১০টি পাতা পাওয়া যায়। সব মিলিয়ে ১০০টি ট্যাবলেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা পলাতক আরও দুই থেকে তিন সহযোগীর সঙ্গে যোগসাজশে এসব ট্যাবলেট সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করতেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল একটি নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।