Advertisement

গাজীপুরে বন্ধুর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে বন্ধুর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত
মানচিত্রে গাজীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈরে মাদকের টাকাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে ‘রাজধানী পরিবহন’ নামে একটি বাসের হেলপার নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত যুবকের নাম আকাশ মিয়া (২২)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। আকাশ কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থেকে রাজধানী পরিবহনের একটি বাসে হেলপারের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে কালিয়াকৈর ট্রাকস্ট্যান্ড এলাকায় মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হন। এ সময় অন্য তিন বন্ধু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এক বন্ধু বাসের হেলপার আকাশকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।