Advertisement

নাটোরে অ্যাম্বুলেন্স-ভ্যান-ভটভটির ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে অ্যাম্বুলেন্স-ভ্যান-ভটভটির ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের
দুর্ঘটনাস্থলে মরদেহ ঘিরে ভিড়। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের লালপুর উপজেলায় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ত্রিমুখী সংঘর্ষে ইয়ারুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বুধবার (৫ আগস্ট) ভোরে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ারুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি ভ্যানে করে ইয়ারুল ইসলামসহ কয়েকজন শ্রমিক পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামে জমাতে ধান লাগানোর কাজে যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় ঈশ্বরদীগামী একটি অ্যাম্বুলেন্স পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইয়ারুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেছে। আহত বাবু হোসেন ও সাজদার রহমানকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।