Advertisement

ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষক আহত
পলেস্তারা খসে পড়ার পর শ্রেণিকক্ষ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবি : এশিয়া পোস্ট

বরিশালের উজিরপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে এক শিক্ষকের মাথার ওপর পড়েছে। এতে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। পলেস্তারা খসে পড়ার পর শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বের হয়ে যায়।

Advertisement

মঙ্গলবার (১১ আগস্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয়তলার ষষ্ঠ শ্রেণির কক্ষে এই দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার ষষ্ঠ শ্রেণির কক্ষে পাঠদান করছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। ক্লাস চলাকালে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তার মাথার ওপর পড়ে। এতে তিনি আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পলেস্তারা খসে পড়ার পরপরই শিক্ষার্থীরা আতঙ্কে দ্রুত ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী বলে, স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়ে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই।

আরেক শিক্ষার্থী সিমা জানায়, পলেস্তারা খসে পড়ার সময় আমরা সবাই ক্লাসেই ছিলাম। স্যার আহত হয়েছেন, আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৬০ সালে নির্মিত এই পুরোনো ভবনটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ চলছিল। শ্রেণিকক্ষে শিক্ষক আহত হওয়ার পর সেই আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে।

অভিভাবকদের দাবি, প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। এই পলেস্তারা খসে পড়ার ঘটনাটি একটি বড় দুর্ঘটনার আগাম সতর্কবার্তা। ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থার উদ্যোগ না নিলে ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও বড় দুর্ঘটনার মুখে পড়তে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, বিদ্যালয়ের ভবনটি ১৯৬০ সালে তৈরি করা হয়েছিল। ভবনের বয়স অনেক বেশি হওয়ায় এর বিভিন্ন অংশের অবস্থা বেশ নাজুক। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে এক শিক্ষক আহত হয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া চালাচ্ছি।

বিষয় :