যশোরে রাত ৮টার পর শপিংমল ছাড়া সব দোকান বন্ধ

যশোরে শপিংমল ও পোশাকের দোকান ছাড়া অন্য ধরণের সব দোকান রাত ৮টার পর বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৬ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিদ্যুৎ সাশ্রয়ে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই সিন্ধান্ত নেন। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিদ্যুৎ সাশ্রয় গুরুত্বের সঙ্গে দেখা উচিত। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে।
চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষন সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী স্তরের নেতারা।