logo

নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত
পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবন। ছবি : এশিয়া পোস্ট

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আরাজী-গঙ্গারামপুর ওয়ার্ডে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন আছাদুল হক ও শিহাব। আছাদুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ও অন্যজন শিহাবের বাড়ি রংপুরে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে পীরগঞ্জ পৌরভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ শ্রমিক। বিকেল ৫টার দিকে হঠাৎ ছাদ ঢালাইয়ের জন্য তৈরি অস্থায়ী কাঠামো (সাটারিং) ভেঙে পড়ে। এতে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় লোকজন আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পীরগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।