logo

চাঁদপুরে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকের ৯ মামলার আসামি আকতার গাজী ও তার ছেলে অনিক গাজীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিলে) রাত ১১টার দিকে উপজেলার টিএনটি এলাকা থেকে আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার গাজী দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছেন। এর আগেও তিনি পাঁচবার গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আরও আটটি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে। 

২০২৫ সালে আক্তার গাজী বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেন। অপরদিকে তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধে মাদক ও নেশা সেবনের অভিযোগ রয়েছে। স্ত্রীকে নির্যাতনের মামলাও রয়েছে অনিক গাজীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, এলাকার যুবক ও কিশোরদের মাদক থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী আক্তার গাজীর বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলাও রয়েছে। কিন্তু তিনি গ্রেপ্তারের পর কয়েক দিন কারাগারে থেকে জামিনে বের হয়ে সেই একইভাবে মাদক কারবার চালান।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।