logo

দুই মেয়ের পর এবার বাসের চাকায় পিষ্ট একমাত্র ছেলেও

দুই মেয়ের পর এবার বাসের চাকায় পিষ্ট একমাত্র ছেলেও
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। ছবি : এশিয়া পোস্ট

দুই মেয়েকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই এবার সড়ক দুর্ঘটনায় সাত বছরের ছেলেকেও হারালেন মেহেরপুরের এক দম্পতি।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের রাজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম (৭) রাজনগর গ্রামের বেলেপাড়ার ইছাহাক আলীর ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের টিফিনের সময় বাড়ি ফেরার পথে গোল্ডেন লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয় ফাহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর, মেহেরপুর সদর থানা-পুলিশ ও বারাদি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, ২০২৫ সালের ৯ নভেম্বর রাজনগরের মুশুরিবাজার বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে দুজন ছিল ফাহিমের বোন। দুই মেয়েকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছেলেকেও হারাল পরিবারটি।