ঘুমন্ত জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার

ঝিনাইদহের মহেশপুরে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে টাকা লেনদেন নিয়ে তার সঙ্গে শ্বশুর তরিকুলের বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে আব্দুর রহমান ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় তরিকুল। এতে গুরুতর জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান।
তাদের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। তরিকুল উপস্থিত এলাকাবাসীর সামনে হত্যার বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটিও জব্দ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
