logo

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গুলি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা চারটি গুলি ছোড়ে। এতে তার বাড়ির দ্বিতীয় তলার শয়নকক্ষের জানালার কাচ ভেঙে যায়। গুলির চিহ্নও দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

ব্যবসায়ী সুমন শেখ এশিয়া পোস্টকে বলেন, তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় খাবার খাচ্ছিলাম। হঠাৎ উপরতলায় বিকট শব্দ শুনে গিয়ে দেখি শয়নকক্ষের জানালার কাচ ভাঙা এবং গুলির আঘাতে জানালা ছিদ্র হয়েছে। পরে পুলিশে খবর দিই। পরিবার নিয়ে এখন আতঙ্কে আছি।

ঘটনার পর কোটালীপাড়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।