জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় যুবককে হাতুড়িপেটা

জামায়াতের পক্ষে ভোট চাওয়ার অভিযোগে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের। ঝালকাঠির রাজাপুর উপজেলায় হামলার শিকার যুবকের নাম মো. আসাদ। এ ছাড়াও তার বসতঘরে ভাঙচুর চালানোরও অভিযোগ করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আসাদ উপজেলার শুক্তাগর ইউনিয়নের কাঠিপাড়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নৈকাঠি বাজার থেকে আসাদের বাড়ি ফেরার পথে আগে থেকেই ওৎ পেতে ছিল অভিযুক্তরা। বাদল ডাকুয়ার নেতৃত্বে আসাদের উপর হামলা চালায় রুহুল, রাব্বি, মেহেদী, দেলোয়ার মুন্সী, মামুন, রাকিব ও সুমনসহ আরও কয়েকজন। এ সময় তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয় এবং হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তার বসতঘরে ভাঙচুর চালিয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগীর পরিবার। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে আহত আসাদকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভুক্তভোগীর পরিবারের দাবি, সাম্প্রতিক নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “কাঠিপাড়া এলাকায় একজনকে পিটিয়ে আহত করার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”