গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টা ৪০ মিনিটে গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ এর ৪১টি সিলিন্ডারে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৮টা ৪৪মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। রাত সাড়ে ৯ টায় আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ভর্তি সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের সদস্য তালহা বিন জসিম বলেন, গাজীপুরের নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন সংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২ আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ১৮ বছর বয়সী আব্দুল্লাহর ২০ ভাগ, ১৯ বছর বয়সী আহাদের ৫৫ ভাগ ও ২৬ বছর বয়সী আশরাফুলের ১৫ ভাগ ও ২৫ বছর বয়সী নাঈমের ৪ ভাগ পুড়েছে।
তিনি আরও বলেন, এদের মধ্যে আব্দুল্লাহ ও আহাদ এমএইচডিইউতে এবং নাঈম জরুরি বিভাগে পর্যবেক্ষণে আছে। আহাদ শরীরের ৫৫ ভাগ পোড়া নিয়ে আশঙ্কাজনক অবস্থায় আছে। তাদের চিকিৎসা চলছে।