বাড়িতে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের হামলায় মো. গেদা মিয়া (৬৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর তেতলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গেদা মিয়া তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। স্থানীয়ভাবে তিনি সালিশি ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের একটি স্কুল ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃত্ব এবং স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গেদা মিয়া ও তার অনুসারীদের সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন, ইলিয়াস ও তাদের অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় গেদা মিয়ার বাড়িতে হামলা চালান প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে গেদা মিয়াসহ অন্তত ১১ জন আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় গেদা মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন বলেন, গেদা মিয়া লক্ষ্মীপুর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল। তবে স্কুল বা মসজিদ পরিচালনা কমিটি নিয়ে কোনো বিরোধের কথা তিনি জানেন না।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

