মাদারীপুরে যুবকের লাশ উদ্ধার, মুখমণ্ডল ছিল থেঁতলানো

মাদারীপুরে সদর উপজেলায় সড়কের পাশ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকার একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়কের পাশে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এশিয়া পোস্টকে বলেন, নিহতের মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মুখমণ্ডল বিকৃত করে লাশ ফেলে রেখে যায়।
তিনি আরও বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।