দেশে চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী

দেশে চীনা বিনিয়োগ বাড়লে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যের জন্য শুল্কমুক্ত বাজারসুবিধা দিয়েছে। এখন সেই সুযোগ কাজে লাগাতে দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণ করাই সরকারের প্রধান কৌশল।
শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে চীনে রপ্তানি বাড়ানোর জন্য আমাদের মূল কৌশল হচ্ছে বাংলাদেশে বেশি বেশি চীনা বিনিয়োগ নিয়ে আসা। চীন আমাদের সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এখন বিনিয়োগ বাড়লে এখানেই উৎপাদন হবে, রপ্তানি বাড়বে এবং বাণিজ্য ঘাটতিও কমবে।
তিনি জানান, চট্টগ্রামে ৮০০ একরজুড়ে একটি চীনা শিল্প পার্ক গঠনের বিষয়ে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এ শিল্প পার্ক চালু হলে চীনা বিনিয়োগ আরও বাড়বে এবং দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতা ও বড় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের ইতিবাচক ফল হিসেবে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে।
তিনি বলেন, বাংলাদেশ যদি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সৃষ্টি হবে।
সিলেট শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে সমালোচনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কমিটি গঠনে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করেনি। প্রচলিত নিয়ম অনুসরণ করেই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার বাস্তবায়ন ব্যাহত হয় বলেও উল্লেখ করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির জন্য নতুন ভবন নির্মাণের পাশাপাশি আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণব্যবস্থা চালু করা প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইনবিষয়ক গবেষণা, কেস স্টাডি বিশ্লেষণ এবং আদালতে কার্যকর উপস্থাপনার ওপর ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে দক্ষ আইনজীবী ও বিচারক তৈরিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী অনলাইন জুয়া নিয়ন্ত্রণে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়া শেষে আইনটি দ্রুত পাস হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে মাদকসংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগের কথাও জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জুবায়ের বখত জুবের, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ, বিভাগীয় স্পেশাল জজ এম আলী আহমদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসাম ইমাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






