logo

সন্ধ্যায় বের হন মৃধা, ভোরে বাড়ির সামনে মিলল রক্তাক্ত লাশ

সন্ধ্যায় বের হন মৃধা, ভোরে বাড়ির সামনে মিলল রক্তাক্ত লাশ
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে স্বজনদের অপেক্ষা। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিজ বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুন্না মৃধা মাদকাসক্ত ছিলেন এবং মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মুন্না মৃধা। এরপর শুক্রবার ভোরে বাড়ির সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।