আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর হাতিয়ার সেই ইউএনওকে ওএসডি

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে সোমবার কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। ভিডিওগুলোতে এক নারীর সঙ্গে ওই কর্মকর্তাকে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর গত সোমবার সকালেই ইউএনও কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তিনি আর কারো ফোন রিসিভ করছেন না। তবে যাওয়ার আগে তিনি অফিসে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তারা শুনেছেন। অনেকে ধারণা করছে, ইউএনও হানিট্রাপে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর জানতে পেরে কর্মস্থল ত্যাগ করার পর আর কর্মস্থলে ফেরেননি ইউএনও।