গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) গাজীপুর আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন আদেশ বাতিল করে এ নির্দেশ দেওয়া হয়।
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তফা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, চার্জশিটভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে। একই মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে ইব্রাহিম খলিল ও তার স্ত্রীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদকের অভিযোগ, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।