logo

৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, নীলফামারী থেকে ট্রেন চলাচল বন্ধ

৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, নীলফামারী থেকে ট্রেন চলাচল বন্ধ
রেল লাইন অবরোধ করে আন্দোলন করে স্থানীয়রা। ছবি: এশিয়া পোস্ট

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয়রা। এতে ৪ ঘণ্টা ধরে নীলফামারী থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে রেললাইনে অবস্থান নিয়ে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি থামিয়ে দেন তারা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিও।

সকালে দারোয়ানী রেলস্টেশন এলাকায় ব্যানার নিয়ে মানববন্ধন শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনের যাত্রা বন্ধ করে দেন তারা। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া জামিয়ার রহমান বলেন, আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।

আরেক আন্দোলনকারী সাফিন আহমেদ বলেন, আমি যতটুকু জানি, আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে প্রায় দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে, অন্য কোনো ট্রেন থামে না। আমরা চাই, আমাদের এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হোক।

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন এশিয়া পোস্টকে বলেন, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে জানতে পারি, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেনটি থামিয়ে আন্দোলন করছেন স্থানীয়রা। এখন পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।