একসঙ্গে মৃত্যু, পাশাপাশি শায়িত মা ও দুই মেয়ে

জামালপুরে মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মারা যাওয়া এক পরিবারের তিন সদস্যের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় একটি মাঠে তিনজনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে সামাজিক কবরস্থানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের দাফন করা হয়। মাকে মাঝখানের কবরে এবং দুই মেয়েকে মায়ের দুই পাশের কবরে শায়িত করা হয়েছে।
এর আগে রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে তাদের ঘরের ওপর চারটি গাছ ভেঙে পড়ে। সোমবার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
মৃতরা হলেন দাগী এলাকার গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা আগে দেখিনি; একসঙ্গে একই পরিবারের তিনজনের মৃত্যু।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃতদের পরিবারকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।