Advertisement

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৭৫ জনের বিরুদ্ধে মামলা

এশিয়া পোস্ট নিউজ, ফেনী
ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৭৫ জনের বিরুদ্ধে মামলা
ফেনী মডেল থানা। ছবি : এশিয়া পোস্ট

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মামলায় এজাহারনামীয় মূল আসামিদের মধ্যে রয়েছেন—ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার বাসিন্দা ও ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব (৩০), একই এলাকার জিএস বিপ্লব (২৬), লেমুয়ার আশিক বিন সাইফ (২৪), মাহিন (২১), পশ্চিম সিলোনিয়ার আবদুল কাদের জিলানী রাহুল (৩২), গোবিন্দপুরের তুষার (২৩), ফরহাদনগরের নাজমুল ইসলাম শাহীন (২২) ও মো. ইয়াছিন বাবু (২২), ইয়ারপুরের সালমান এফ রহমান অভি (২৫), গোবিন্দপুরের নূর হোসেন (২৫), লেমুয়া ইউনিয়নের শহিদুল ইসলাম (২৬), ওমর ফারুক (২৬), শরীফুল ইসলাম (২৫), ইমরান হোসেন (২১), অভি (১৮), রিয়াদ (৩০), ইমাম হোসেন (৩০), রকিব (২২), জহির উদ্দিন মানিক (৩১), নজরুল ইসলাম সুমন (২৭), মাঈন উদ্দিন তারা (৩২), ছনুয়া ইউনিয়নের সজিব দাশ (২৩), ফরহাদনগরের আসাদুজ্জামান জুয়েল (২৮), বালিগাঁওয়ের জাফর ইকবাল (২৫) এবং শেখ বিজয় (২১)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ জুলাই সকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়া দাশের পোল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল বের করেন এবং সরকারবিরোধী স্লোগান দেন। পরবর্তীতে মিছিলের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর তদন্ত শেষে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি নাজমুল ইসলাম শাহীন ও মো. ইয়াছিন বাবু এবং সন্দেহভাজন হিসেবে শাহ আলম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে। শনিবার তাদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ এশিয়া পোস্টকে জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :ফেনী