logo

কর্মসূচি শেষে নিজ বাড়িতে রোগী দেখলেন সমাজকল্যাণমন্ত্রী

কর্মসূচি শেষে নিজ বাড়িতে রোগী দেখলেন সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে রোগী দেখছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: এশিয়া পোস্ট

সরকারি ও রাজনৈতিক কর্মসূচি শেষে নিজ গ্রামের বাড়িতে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়কমন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে শুক্রবার ও শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের পর রোগীদের সময় দেন মন্ত্রী।

স্থানীয় বাসিন্দা সাহিন আলম বলেন, মন্ত্রী জাহিদ হোসেন অনেক ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের খোঁজখবর নেন। অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো তার মানবিকতার পরিচয়।

হাকিমপুর উপজেলার বাসিন্দা আনছার আলী বলেন, আমরা চাই, তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন। এলাকার মানুষের সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া আমাদের জন্য আনন্দের।

রোগীর এক স্বজন বলেন, সারা দিনের ব্যস্ততা শেষে রোগীদের সময় দেওয়া সত্যিই প্রশংসনীয়। এতে রোগী ও তাদের স্বজনেরা সাহস ও ভরসা পান।

এ বিষয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি সরকার সাধারণ মানুষের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ। আমি একজন চিকিৎসক। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছি।

তিনি বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা তার দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন তিনি। সাধারণ মানুষ যেন প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পান, সেটিই তার প্রত্যাশা।