logo

মাস্টারকে প্রাণনাশের হুমকি, হাতিয়ায় বন্ধ ফেরি চলাচল 

মাস্টারকে প্রাণনাশের হুমকি, হাতিয়ায় বন্ধ ফেরি চলাচল 

নোয়াখালীর হাতিয়া রুটে চলাচলকারী ‘মহানন্দা’ ফেরির মাস্টারকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয়পাশে যানবাহন ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি পদক্ষেপ ও নিরাপত্তার নিশ্চয়তা পেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

ফেরি মহানন্দের মাস্টার মোজাম্মেল বলেন, ফেরি ছাড়ার সময় পরিবর্তন এবং যাত্রী পরিবহন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে মোবাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। আজ সকাল সাড়ে ১০টার দিকে দুটি পৃথক নম্বর থেকে আমাকে কল করে হুমকি দেওয়া হয়। কর্মক্ষেত্রে এমন নিরাপত্তাহীনতার কারণে ফেরি চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানন্দা ফেরির পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, একটু ঝামেলা হয়েছিল, তাই ফেরি মাঝনদীতে নিয়ে রাখা হয়েছিল। কিছু পোলাপান আইসা হুমকি-ধামকি দিছে। ফেরি ভিড়লে পা ভেঙে ফেলবে, স্টাফদের মারধর করবে। তাই নিরাপত্তার জন্য ফেরিটা সরিয়ে রাখা হয়েছিল। 

তিনি আরও বলেন, যদিও ওদের তো চিনি না। সব অচেনা মুখ। পরে প্রশাসনকে জানালে তারা নিরাপত্তার আশ্বাস দিলে ফেরি ঘাটে ভেড়ায়। এখন গাড়ি লোড হচ্ছে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে আপনাদের জানাচ্ছি।