Advertisement

পরিদর্শনের সময় ভেঙে পড়ল কাঠের ব্রিজ, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
পরিদর্শনের সময় ভেঙে পড়ল কাঠের ব্রিজ, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি
নীলফামারীর ডিমলায় নাউতারা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজটি এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার পরিদর্শনে গেলে অতিরিক্ত মানুষের চাপে ভেঙে পড়ে। এ সময় সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে যান।ছবি : এশিয়া পোস্ট

নীলফামারীর ডিমলায় কাঠের ব্রিজ পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। পরিদর্শনের সময় ব্রিজটি ভেঙে পড়ে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হয়েছেন।

Advertisement

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত ব্রিজটি পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীতে কোনো সেতু না থাকায় চলাচলে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয়রা। পরবর্তীতে তারা নিজ অর্থায়নে সেখানে একটি কাঠের ব্রিজ নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্রিজটি পরিদর্শনে যান। সেখানে ব্রিজে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে আহত হন। তবে এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য উপরে ওঠেন। এ সময় মানুষের সমাগম বেশি হওয়ায় হঠাৎ ব্রিজটি ভেঙে সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যান।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্রিজটি স্থানীয়রা নিজেদের অর্থায়নে তৈরি করেছিলেন। আজ এমপি সেটি পরিদর্শনে গেলে অতিরিক্ত চাপে তা ভেঙে পড়ে।

এ বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছেন। আমি নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন এবং অনেকের পোশাক ছিঁড়ে গেছে। তবে গুরুতর কিছু ঘটেনি। সেখানে সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।

পরিদর্শনকালে উপজেলা আমীরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।