৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদকের অভিযান

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের অনুসন্ধানে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।
দুদক সূত্রে জানা যায়, জালালাবাদ গ্যাসের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে রাজস্ব আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয় বলে অভিযোগ রয়েছে।
আত্মসাতের ঘটনা আড়াল করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ পায় দুদক। এসব অভিযোগের ভিত্তিতে যাচাই করতে এনফোর্সমেন্ট টিম জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালায়।
দুদকের কর্মকর্তারা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ থেকে বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহ করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত নথিপত্রের প্রাথমিক পর্যবেক্ষণ করেন।
দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযোগের বিষয়ে আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান চালিয়ে সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
