logo

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা
নিহত তৌফিক হোসেনের স্ত্রীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে নিহত তৌফিকের বাড়িতে যান গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি তৌফিকের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

তৌফিক হোসেন। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া
তৌফিক হোসেন। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

এদিকে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে গাজীপুর থেকে অ্যাম্বুলেন্সে করে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তৌফিক মিয়া ওই গ্রামের প্রয়াত তবি খাঁর ছেলে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট