এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর সিলগালা ‘টপটেন জেনারেল হাসপাতাল’

এশিয়া পোস্ট নিউজ, পিরোজপুর
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর সিলগালা ‘টপটেন জেনারেল হাসপাতাল’
টপ টেন জেনারেল হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট


‘বন্ধের নির্দেশের ১৩ দিন পরও চলছে অনুমোদনহীন হাসপাতাল’ এই শিরোনামে এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর সিলগালা করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ‘টপটেন জেনারেল হাসপাতাল।’

বৃহস্পতিবার (২ জুলাই) মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ইনচার্জ (আরএমও) ডা. সৌমিত্র সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ওই হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর স্বাস্থ্য বিভাগের তদন্তে নানা অনিয়মের প্রমাণ মেলার পর প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা সিভিল সার্জন। তবে নির্দেশ জারির ১৩ দিন পরও হাসপাতালটির চিকিৎসাসেবা, রোগী ভর্তি ও বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়। এ বিষয় নিয়ে বুধবার (১ জুলাই) এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন।

মঠবাড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ইনচার্জ (আরএমও) ডা. সৌমিত্র সিংহ বলেন, আমরা টপটেন হাসপাতালে গিয়েছিলাম। ওই হাসপাতালে চারজন ভর্তি রোগী ছিল। তাদেরকে স্থানান্তর করে, হাসপাতালটি সিলগালা দেওয়া হয়েছে। এসময় প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা সাথে ছিলেন।

এর আগে গত ২৩ মে টপটেন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর অভিযোগে তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্তে হাসপাতালটির প্রয়োজনীয় অনুমোদন ও পূর্ণাঙ্গ লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত হয়।

এছাড়া প্রতিষ্ঠানটির অগ্নিনিরাপত্তা সনদ, পরিবেশ ছাড়পত্র, মাদকদ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের লাইসেন্স এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চিকিৎসাসেবা পরিচালনার তথ্য উঠে আসে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৭ জুন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক আদেশে হাসপাতালটির পূর্ণাঙ্গ লাইসেন্স না পাওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিষয় :পিরোজপুর