বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
ছবি : এশিয়া পোস্ট

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২০ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অন্য দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত অন্য দুইজনের পরিচয় জানা যায়নি।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অন্য দুজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।