মাদক নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম আলী (৩৮) দুর্লভপুর গ্রামের শওকত আলির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্লভপুর গ্রামে মাদকসংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন ইব্রাহিম আলী। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই মারামারির ঘটনায় দ্বিতীয় পক্ষের মূলহোতা একই গ্রামের সইবুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলামসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।