গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

শারদীয় দুর্গাপূজার ছুটি বাড়ানোসহ নানা দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সরকারি ছুটির পাশাপাশি অতিরিক্ত আরও একদিন দুর্গাপূজার ছুটির দাবিতে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি অবরোধ করেন শ্রমিকরা।
তাদের অভিযোগ, একই প্রতিষ্ঠানের অন্য শাখায় তিন দিনের ছুটি দেওয়া হলেও এই শাখায় কারখানা কর্তৃপক্ষ মাত্র এক দিন ছুটি ঘোষণা করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, শুধু পূজার ছুটির জন্য আমরা রাস্তায় নামিনি; আমাদের আরও বেশ কিছু দাবি রয়েছে। শ্রমিকদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিকাশের মাধ্যমে বেতন দেওয়ার সময় ক্যাশ আউট খরচ প্রদান, সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে অন্য কোনো দিন নির্ধারণ না করা, শুক্রবারে কাজ করালে ওভারটাইম দেওয়া, আগের মতো নামাজের সময় ফ্লোরের লাইট বন্ধ রাখা, কর্মঘণ্টা শেষে অতিরিক্ত কাপড়ের জন্য বিনামূল্যে কাজ (ফ্রি ডিউটি) না করানো, স্টাফদের খারাপ ব্যবহার বন্ধ করা এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা। এ ছাড়া কারখানার এজিএম মোখলেছুর রহমান, ডিজিএম সাইফুল রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের অপসারণ দাবি করেন তারা।
লতিফ নামে আরেক শ্রমিক বলেন, ৮ থেকে ১০ ঘণ্টা টানা দাঁড়িয়ে কাজ করা কষ্টকর, তাই আগের মতো শ্রমিকদের চেয়ার দিতে হবে। কোনো শ্রমিক অসুস্থ হলে লাইন থেকে যেন সুপারভাইজার ও ইনচার্জরা মেডিকেলে যাওয়ার অনুমতি দেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পূজার ছুটিও বাড়াতে হবে।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সরকারি ছুটির সঙ্গে বাড়তি একদিন ছুটির দাবিতে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
