রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া ঝর্ণা মহলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নাজমুল হোসেন (৩০), মো. নিহাল (২১), মো. সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪)। নাজমুল ও নিহাল একই এলাকার নবী হোসেনের ছেলে। সাজ্জাদ আব্দুর রহিমের এবং সফিকুল শহিদুল ইসলামের ছেলে। তাঁদের সবার বাড়ি রূপগঞ্জের তারাবো এলাকায়।
পুলিশ জানায়, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে প্রায়ই দুপক্ষ অস্ত্র নিয়ে মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতেও দুই গ্রুপের মধ্যে অস্ত্রের মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অস্ত্রের মহড়ার ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নবী গ্রুপের চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা করার কার্যক্রম চলছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার চারজনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



