ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহ শহরে বাসার ভেতর জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শহরের ব্রহ্মপল্লী এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আজনান আমিন তালুকদার আয়াশ (৮) ওই এলাকার ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী রেজোয়ানুল আমিন আবিরের ছেলে। ঘটনার সময় শিশুটি ব্রহ্মপল্লী এলাকায় তার নানার বাসায় মায়ের সঙ্গেই ছিল।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিতে বাসাটির ভেতরে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সকালে খেলাধুলা করার পর আয়াশকে নিয়ে তার মা বন্যা আক্তার বিছানায় ঘুমিয়ে পড়েন। পরে শিশুটির নানি ঘরে এসে দেখতে পান, আয়াশ বিছানা থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানির নিচে ডুবে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা রেজোয়ানুল আমিন আবির বলেন, প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে বাসার ভেতরে পানি ঢুকে গিয়েছিল। বাচ্চা হঠাৎ বিছানা থেকে গড়িয়ে পানিতে পড়ে মারা গেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, অসাবধানতাবশত শিশুটি ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
এদিকে গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকাল থেকেই নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। রাস্তাঘাট, বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় স্থবির হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।





