পাবনায় মাছ ধরার সময় বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পাবনায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের কুচিয়ামোড়া উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আতাইকুলা থানার কৈজুরী শ্রীপুর এলাকার সাদেক আলী প্রামানিকের ছেলে শবদুল প্রামানিক (৩৫) ও তার স্ত্রী আশা খাতুন (২৫)। আহত ব্যক্তির নাম আলম মোল্লা (৩০)। তিনি শবদুল প্রামানিকের শ্যালক।
জানা গেছে, নিহত শবদুল প্রামানিক কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। আজকে বিকেলে শ্বশুরের পুকুর সেচ দিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় পানি উত্তোলনের মেশিন ও বিদ্যুতের তার ছিড়ে পুকুরে পড়ে গেলে পুরো পুকুর বিদ্যুতায়িত হয়। এতে পানিতে থাকা স্বামী-স্ত্রী বিদ্যুতায়িত হন।
বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাদের পুকুর থেকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আশা খাতুনের ভাই আলম মোল্লা গুরুতর আহত হন। তাকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





