logo

নোয়াখালী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবকের ‘জয় বাংলা’ স্লোগান

নোয়াখালী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুবকের ‘জয় বাংলা’ স্লোগান

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক যুবককে মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে শহরের টাউন হল মোড়সংলগ্ন দলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে স্বাভাবিকভাবেই মানুষ চলাচল করছিল। এর মাঝে হুট করে ওই যুবক মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর জনসম্মুখে স্লোগান দেওয়ার ঘটনা জেলা শহরে আলোচনা তৈরি করেছে। 

ঘটনার সময় আশপাশে থাকা লোকজন জানান, যুবকটি কিছুক্ষণ স্লোগান দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মাইকটি জব্দ করেছি। তবে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারের বিষয়ে কাজ চলছে। 

 

২০২৪ সালের ৫ আগস্টের পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়টি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বর্তমানে সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তবে এ ঘটনা জনমনে কৌতূহল সৃষ্টি করেছে।