logo

মুন্সীগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে তিন বালতি তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে তিন বালতি তাজা ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ঢালিকান্দি এলাকায় একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল ও বেশ কয়েকটি চোরাই মোবাইল টাওয়ারের ব্যাটারি উদ্ধার করেছে সেনাবাহিনী। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে এসব আলামত জব্দ করা হয়। উদ্ধারকৃত বালতিগুলোতে অর্ধশতাধিক ককটেল থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে কয়েকদিন ধরেই এলাকায় টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে শনিবার রাতে ঢালিকান্দি এলাকার মানিক শিকদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরে পাশের একটি পরিত্যক্ত দোকানের ভেতরে তিনটি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় বালতিগুলো থেকে তাজা ককটেল উদ্ধার করা হয়। একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত কয়েকটি চোরাই ব্যাটারিও জব্দ করা হয়।

১৯ বীর, মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সম্প্রতি এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের পরাজিত প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে দাবি করেন তারা।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এশিয়া পোস্টকে বলেন, জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাশকতা বা সহিংসতার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।