logo

ফ্যাসিস্ট সরকার সনাতনীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে: খায়রুল কবির খোকন

ফ্যাসিস্ট সরকার সনাতনীদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে: খায়রুল কবির খোকন
নরসিংদীতে দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন খায়রুল কবির খোকন। ছবি: এশিয়া পোস্ট

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা অতীতে সনাতনীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। এখন আপনাদের ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই। আপনারা জনগণের একটি অংশ, আপনারা স্বাধীন। বিবেক দিয়ে বিবেচনা করবেন, কোন দলের এবং কোন সরকারের আমলে আপনারা নিরাপদ ছিলেন, আর কারা আপনাদের পাশে ছিল।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকনের পক্ষ থেকে নরসিংদী-১ (সদর) আসনের ৯৩টি পূজামণ্ডপে এসব উপহার বিতরণ করা হবে।

এসময় খায়রুল কবির খোকন বলেন, আপনাদের বুদ্ধি-বিবেক রয়েছে। তা বিবেচনা করে এ দেশের নাগরিক হিসেবে কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন, সেটি সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা স্বাধীন।

ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি জানান, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো সব ধর্মীয় ও রাজনৈতিক উৎসবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। এটি প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

তিনি আরও বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মাদক কিংবা অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সুন্দর সমাজ গঠনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খোকন বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে, নরসিংদীতেও আছে। তারা দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। থানা ও উপজেলাসহ বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদী-১ (সদর) আসনের ৯৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করা হবে।