পাবনায় অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়া অবৈধভাবে সার মজুত ও বিক্রি করায় পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপির ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে দুবলিয়া বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানে মজুত থাকা ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।
বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গুদামে অবৈধভাবে মজুত থাকা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আর আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।
আবদুল মান্নানের গুদাম থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম আগামী বুধবার সকাল থেকে জব্দ করা এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করবেন বলে জানিয়েছেন।
এক অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম।
আরেকটি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
ইউএনও তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুটি অভিযানে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
