ঝড়ে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থী আহত

পটুয়াখালীতে কালবৈশাখীর সময় একটি স্কুলের নবনির্মিত গেট ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত চন্দ্র সরকার ওই স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোসা. সাহনাজ আক্তার জানান, হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে নবনির্মিত গেটটি ভেঙে পড়ে। এ সময় বিদ্যালয়ের দারোয়ান গেটটি ধরে রাখার চেষ্টা করলেও গেটের আঘাতে শিক্ষার্থী আয়ান আহত হয়। আহত শিক্ষার্থী বর্তমানে শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।