টাকার বিনিময়ে মৃত্যু সনদ, রোগী সেজে অভিযানে ধরল দুদক

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং মৃত্যু সনদ দেওয়ার অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে রোগী সেজে পর্যবেক্ষণ করার সময় টাকার বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগসহ বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদকের কুষ্টিয়ার উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি বিভাগ, রান্নাঘরসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
অভিযান শেষে দুদকের কুষ্টিয়ার উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এশিয়া পোস্টকে বলেন, রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং সার্বিক অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ পাওয়ার পর কমিশনের অনুমতি নিয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সবচেয়ে গুরুতর যে বিষয়টি পাওয়া গেছে, তা হলো টাকার বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ।
তিনি বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, নার্সদের সঙ্গে রোগীদের দুর্ব্যবহার এবং রোগীদের খাবারের মান নিয়েও কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অভিযানের সার্বিক বিষয় উল্লেখ করে কমিশনে প্রতিবেদন দেওয়া হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের এই কর্মকর্তা জানান, অভিযানটি গোপনীয়ভাবে পরিচালনা করা হয়েছে। এমনকি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারাও গাড়িতে ওঠার আগে গন্তব্য সম্পর্কে জানতেন না।
হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, দুদক হঠাৎ করে অভিযান পরিচালনা করেছে। তবে অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি।



