logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, কলাবাগান কাটায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশ, কলাবাগান কাটায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
কেটে ফেলা কলাগাছ। ইনসেটে আটক আয়ুব আলী। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার মহম্মদপুরে ফলন্ত প্রায় এক হাজার কলাগাছ কেটে ধ্বংসে প্রধান অভিযুক্ত আয়ুব আলী (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল রোববার (১১ অক্টোবর) ‘এক রাতে সাবাড় হাজার কলাগাছ, নিঃস্ব হওয়ার পথে কৃষক জয়দার’ শিরোনামে সংবাদ প্রচার করে এশিয়া পোস্ট। বিষয়টি প্রশাসনের উচ্চ মহলের নজরে আসে এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়। এরপর গ্রেপ্তার হোন আয়ুব আলী।

গ্রেপ্তার আয়ুব আলী উপজেলার পাল্লা গ্রামের মৃত ইদ্রিস মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতের আঁধারে উপজেলার পাল্লা গ্রামের কৃষক জয়দার মিয়ার লিজ ও বর্গা নেওয়া জমিতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক নিজ বাড়ির পূর্ব পাশে গোরস্তানসংলগ্ন ১০০ শতক জমিতে দীর্ঘ পরিশ্রম ও এনজিও থেকে ঋণ নিয়ে এই কলাবাগানটি গড়ে তুলেছিলেন। বাগানটিতে ইতোমধ্যেই কলার কান ও ছড়া আসা শুরু হয়েছিল। দুর্বৃত্তদের এ তাণ্ডবে কৃষকের আনুমানিক প্রায় ৬ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জয়দার মিয়া জানান, বাগানটি তৈরি করতে তিনি বিভিন্ন মাধ্যম ও এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। হঠাৎ পুরো বাগানটি ধ্বংস হয়ে যাওয়ায় তিনি এখন সর্বস্বান্ত।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ এশিয়া পোস্টকে জানান, কলাগাছ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করেছিল। পরবর্তীতে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত আয়ুব আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য দুর্বৃত্তদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।