মসজিদের পাশের জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের রাস্তার পাশের জঙ্গল থেকে এক নবজাতক (ছেলে) উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। পরে তিনি গিয়ে এক নবজাতককে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গনি সরকারের ছেলে মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে একনজর দেখতে মিজানুর রহমানের বাড়িতে স্থানীয় উৎসুক নারী-পুরুষ ভিড় জমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে জঙ্গলে ফেলে যাওয়া হতে পারে। তবে কে বা কী কারণে তাকে সেখানে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নবজাতকটির বয়স দুই থেকে তিন দিন হতে পারে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
