শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ মাদ্রাসা শিক্ষককে বেধড়ক মারধর

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসায় শিশুটির সঙ্গে অশালীন স্পর্শ করেন অভিযুক্ত শিক্ষক মুসলেউদ্দিন। এরপর থেকে সে মাদরাসায় যেতে চাইছিল না। বিষয়টি বাড়িতে জানালে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে ভয়ে শিশুটি ঘটনার কথা গোপন রাখে।
পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার কথা জানায়। পরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি জানাজানি হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মাদ্রাসায় ভাংচুর ও শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ আলাদা আরেকটি অভিযোগ দায়ের করেছেন।



