৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

বয়স কিংবা সংসারের টানাপোড়েন যে শিক্ষার পথে কোনো বাধা হতে পারে না, তা আবার প্রমাণ করলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক। নানা প্রতিকূলতা ও কর্মব্যস্ততার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশের পর নাসিমুলের এই ব্যতিক্রমী সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়। সহকর্মী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
চলতি ২০২৬ সালের এসএসসিতে রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে অংশ নিয়ে তিনি জিপিএ-৪.৬২ পেয়ে উত্তীর্ণ হন। নাসিমুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। কাঠমিস্ত্রি হিসেবে কাজের পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসিমুল হক বলেন, সংসারের হাল ধরতে ২০০২ সালে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সারাদিন কাঠে নকশা তৈরি ও আসবাবপত্র বানানোর হাড়ভাঙা খাটুনির পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর জমা ছিল। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং নিজে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হওয়ার স্বপ্ন থেকেই এই বয়সে আবার বই হাতে তুলে নিয়েছিলাম।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে যে কোনো বয়সে সফল হওয়া সম্ভব। আমার ইচ্ছা আছে সামনেও এই পড়াশোনা চালিয়ে যাওয়ার।
এ বিষয়ে ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসার ও পেশাগত দায়িত্ব পালন করেও ৪৫ বছর বয়সে এমন চমৎকার ফলাফল করা এক অনন্য দৃষ্টান্ত। তার এই সাফল্য সমাজের পিছিয়ে পড়া ও বয়স্ক মানুষকে শিক্ষার প্রতি নতুন করে উৎসাহিত করবে।
.png)


